ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমানতের টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে সড়ক অবরোধ করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গ্রাহক ও মাঠকর্মীরা।
'প্রয়াস' নামে এনজিওটির গ্রাহক ও মাঠকর্মীরা সকাল ১০টা থেকে প্রায় দুঘণ্টা সেতুর দক্ষিণ পাড়ে সড়ক অবরোধ করে রাখলে পুরনো ঢাকার তাঁতীবাজার ও নয়াবাজার থেকে শুরু করে সেতুর অন্যতীরে কেরানীগঞ্জের কদমতলী মোড় ও মাওয়া সড়কে যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহক ও মাঠকর্মীদের অভিযোগ পরিচালক মহসিন ভুঁইয়া গ্রাহকদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইমামবাড়িতে এর প্রধান কার্যালয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দু'মাস ধরে বন্ধ এনজিওটির পরিচালক মহসিন ভূঁইয়ার বিরুদ্ধে এক গ্রাহক বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিন রিমান্ড আবেদন করা হয়। কিন্তু আদালত তা নামঞ্জুর করে। এর পর তাকে রিমান্ডে 'না নেওয়ার' প্রতিবাদে গ্রাহকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে ফেরত পাঠায়।
সাহানা বেগম নামে এক মাঠকর্মী জানান, অনেক গ্রাহকের কাছ থেকে তিনি ২৩ লাখ টাকা সংগ্রহ করে দিয়েছেন। এখন গ্রাহকরা টাকার জন্য তার জীবন অতিষ্ঠ করে তুলেছেন।
পরিচালক মহসিনের তিন/চারটি বাড়ি রয়েছে দাবি করে সাহানা বলেন, "এনজিও পরিচালক মহসিনের বাড়ি বিক্রি করে হলেও যেন সরকার বা পুলিশ আমাদের আমানতের টাকা তুলে দেয়।"
শিরিন ফাতেমা নামে আরেক গ্রাহক অভিযোগ করেন, মহসিন ভুঁইয়ার স্ত্রী নাজমা বেগমকে গ্রাহকরা কিছুদিন আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করেন। কিন্তু পরে টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে ওসি নীলোৎপল দে এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২১২৩ঘ.
bdnews24