গাজীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার তুরাগের গাজীপুর অংশে ঢাকা ডায়িং, হোসেন ডায়িং, মার্চেন্ট ডায়িং এবং টঙ্গী বাজার এলাকার ছোট বড় ১৬/১৭টি পাকা, আধা-পাকা ও অস্থায়ী দোকান ঘর উচ্ছেদ করা হয়। অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। বুধবার এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিএ'র পরিচালক (বন্দর ও পরিবহন) মাহবুবুল আলম জানান, গত দুইদিনে প্রায় ছোট বড় একশ'টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, অনেক অবৈধ দখলদার কিছু কাগজপত্র দেখিয়ে উচ্ছেদ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে। কিন্তু এ সব বিবেচনায় আনা হয়নি।
উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ'র জাহাজ ক্ষণিকা, ডলফিন, টাগ জাহাজ আশা, ওয়ার্ক বোর্ড কংকর ব্যবহার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ, র্যাব সদস্য এ সময় ঘটনাস্থলে মোতায়েন থাকে।
পরিচালক মাহবুবুল আলম জানান, তুরাগ নদীর তীর থেকে ব্যবসা প্রতিষ্ঠান নোমান গ্র"পের আরসিসি পিলার, বেঙ্গল ইন্ডিগো লিমিটেডের কংক্রিট ঢালাই, আজমেরি কম্পোজিটের স্থাপনা ভেঙে এক একরেরও বেশি জমি উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, উচ্ছেদ অভিযান শেষে টঙ্গীতে নদী বন্দর গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। টঙ্গীতে 'ল্যান্ডিং স্টেশন' স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।
ইতোমধ্যে টঙ্গীর পাগাড় মৌজায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিজস্ব কার্যালয় করতে জমি কেনা হয়েছে বলেও তারা জানান।
তুরাগের গাজীপুর অংশে পরিচালিত অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সূব্রত পাল চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতুল রায়সহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
বিআইডব্লিউটিএ'র উর্ধ্বতন উপ পরিচালক মো. শাহ্ জাল হক সাংবাদিকদের জানান, উচ্ছেদের পর উদ্ধারকৃত জমি সংরক্ষণের জন্য সীমানা খুটি স্থাপন ও বৃক্ষ রোপণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24