রাজশাহী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় মা-বাবাকে হত্যার অভিযোগে রাজশাহীতে ১৬ 'রাজাকারের' বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।
বাগমারায় যুদ্ধাপরাধের অভিযোগে এর আগে আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে রাজশাহীতে যুদ্ধাপরাধের অভিযোগে ১০টি মামলা হল। এর মধ্যে দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন জেলার বাগমারা উপজেলার বালানগর গ্রামের শহীদ মহিরউদ্দিনের মেয়ে মোমেনা বিবি।
হাকিম আসাফ-ঊদ-দৌলা মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে বাগমারা থানাকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- বাগমারা উপজেলার শকুনা গ্রামের আব্দুল মজিদ, বালানগর গ্রামের আয়ুব আলী, কুতুবআলী, আব্দুল হামিদ, নুর মোহাম্মাদ, আবু বকর, আক্কাছ আলী, ইব্রাহিম খলিলুর রহমান, জবের আলী, আফছার আলী, আবু বকর, শহিদুল ইসলাম ওরফে নাজু, নন্দনপুর গ্রামের আনিছার রহমান, মাওলানা নুরুল ইসলাম, আফছার আলী ও দৌলতপুরের আব্দুল আজিজ।
মোমেনা বিবি অভিযোগ করেন, ১৯৭১ সালে ২৮ আগস্ট রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় আসামিরা বালানগর গ্রামে ব্যাপক লুটপাট ও নির্যাতন চালায়। তার বাবা মহিরউদ্দিন এবং মা নুরজাহানকে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে ধরে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলার এজাহারের কপি হাতে পাননি। তবে তিনি মামলা হওয়ার বিষয়টি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24