ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চার দলীয় জোট সরকার তারেক রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যান্ডি ডাইংয়ের ব্যাংক ঋণের অনুকূলে প্রায় ১২ কোটি টাকার সুদ মওকুফ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "মেসার্স ড্যান্ডি ডাইং লি. পাবলিক লিমিটেড কোম্পানির একজন পরিচালক তারেক রহমান। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটা বেইসে রক্ষিত এপ্রিল ও মার্চ মাসের ত্রৈমাসিক ঋণের তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক ঋণের পরিমাণ ৪০ কোটি ৬৪ লাখ টাকা।"
চার দলীয় জোট সরকারের আমলে ২০০১ সালের ১৬ অক্টোবর ওই প্রতিষ্ঠানের অনুকূলে ১২ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ১১৯ টাকা সুদ মওকুফ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের আরেক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ২০০৮-০৯ অর্থ বছরে দেশের স্থলবন্দর দিয়ে মোট ৪ লাখ ৫৮ হাজার ২৫৮ জন বাংলাদেশী ভারত গিয়েছেন। তাদের কাছ থেকে মোট ১৩ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৬৩৬ টাকা ভ্রমণ কর আদায় হয়েছে।
কুষ্টিয়া-৩ আসনের সাংসদ কে এইচ রশীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাংক ১ হাজার ৩৪ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ দেওয়ার অঙ্গীকার করেছে। একই সময়ে এডিবি ৪২৬ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/এসকে/২০০১ঘ.
bdnews24