২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী আহত: প্রতিবাদে বরগুনা পলিটেকনিকে তালা, স্মারকলিপি

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রকে পিটিয়ে হাত ও কোমর ভেঙে দেওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বরগুনা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রকে পিটিয়ে হাত ও কোমর ভেঙে দেওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- রেফ্রিজারেটর অ্যান্ড এসি বিভাগের দ্বিতীয় পর্বের ছাত্র আলমগীর হোসেন (১৯) ও শরীফ (১৯)। তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফজলুল হক এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের দমন করা না হলে বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশুনা করতে পারবে না। তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর ও শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রাবাস না থাকায় তারা ভাড়া বাসায় থাকতেন। একমাস আগে ঢলুয়া এলাকার আসিফ, উজ্জল ও লাল মিয়া তাদের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। বুধবার সন্ধ্যার পরে চাঁদা নিতে এসে টাকা না পেয়ে তাদেরকে পিটিয়ে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। পরে পোটকাখালী আশ্রায়ন প্রকল্পের কয়েকজন নারী তাদের ডোবা থেকে উদ্ধার করে। ওই রাতেই তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেয়। এসময় শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাস না থাকায় তাদের বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। তাদের কাছ থেকে প্রায়ই চাঁদা নিয়ে থাকে এলাকার মাস্তানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৬৩৬ ঘ.