ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন খুলনায় দু'জন এবং চাঁদপুরে একজন।
খুলনা প্রতিনিধি জানান, নগরীর খানজাহান আলী থানার ইস্টার্ন জুটমিল গেটে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ফুলতলা উপজেলার সিদ্দিপাশা গ্রামের মুরাদ (৩৫) এবং মশিয়ালী এলাকার হাজারী মণ্ডল (৬৫)।
আহতদের মধ্যে গুরুতর চারজনকে খুলনার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
খানজাহান আলী থানার উপ-পরিদর্শক পিয়ার মাহমুদ জানান, সকাল ৮টার দিকে একটি পিকআপ ভ্যান সেনানিবাস থেকে বের হয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ইস্টার্ন জুটমিল গেটে দাঁড়ানো একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। তখন বাসটি সামনে দাঁড়ানো একটি টেম্পুকে চাপা দিলে দু'জন ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় নিহত মুরাদের মামা আব্দুর রাজ্জাক বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি মামলা করেছেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরস্তি উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কে করবা ব্রীজ এলাকায় বাস চাপায় একজন নিহত হয়েছেন।
নিহত মো. শাহাদাত (১৫) শাহরাস্তির পূর্ব উপলতা গ্রামের মো. অলি মিয়ার ছেলে। শাহাদাত মেহার স্টেশনে একটি ওয়ার্কশপে কাজ করত।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরি দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে সাইকেলে করে শাহাদাত ওয়ার্কশপে যাবার সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কেউ আটক হয়নি। তদন্তের জন্য শাহাদাতের লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24