২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ির কাঁটা এগিয়ে আনা সফল হলে তা চালু থাকবে --বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়ে এনে বিদ্যুৎ সাশ্রয়ে সফলতা পাওয়া গেলে তা চালু রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবার মন্ত্রণালয়ে সরকারি গণমাধ্যম প্রধানদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘড়ির কাঁটা একঘন্টা এগিয়ে এনে বিদ্যুৎ সাশ্রয়ে সফলতা পাওয়া গেলে তা চালু রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবার মন্ত্রণালয়ে সরকারি গণমাধ্যম প্রধানদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী একথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, "১৯ জুন রাত ১১টার সময় এক ঘণ্টা এগিয়ে ১২টা করা হবে। সেখান থেকে আমাদের কাজ শুরু হবে। এতে ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আমাদের বিশেষজ্ঞরা হিসেব করে দেখিয়েছেন।" প্রতিমন্ত্রী বলেন, সফল হলে এ সময় এগিয়ে আনার বিষয়টি অব্যাহত থাকবে। যদি পরিবর্তন করতে হয় তা হলে আলাপ আলোচনা করেই করা হবে। মন্ত্রী জানান ফজর ও মাগরিবের নামাজের সময়সূচির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। সাধারণ মানুষের মধ্যে এ বিষয়টি ছড়িয়ে দেওয়ার উপায় নিয়ে তারা গণমাধ্যম ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা ছাড়াও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন। অফিস ও স্কুলের সময় পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "এটি পরিবর্তনের দরকার নেই। পরিবর্তিত অবস্থায় সবাই ৯টায় আসবে। দোকান মালিকদের সঙ্গেও আমরা বসবো। তাদেরও একই সময় মানতে হবে।" প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সঙ্কট মোকাবেলার জন্য আমরা বিভিন্ন পথে এগুচ্ছি। বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্র মেরামত ও নতুনগুলোর কাজ দ্রুততার সঙ্গে শেষ করার কথা বলছি। বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি তা এখন 'সহনীয় পর্যায়ে' নিয়ে আসার দাবি করেন। টুকু বলেন, "বিদ্যুতের পরিস্থিতি ভালো এখন। সামনে রোজা ও আগামী সেচকে মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।" বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় গত সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে ১৯ জুন থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এক ঘন্টা আগেই সকাল হওয়ায় দিনের আলোতে কাজ করার জন্য বেশি সময় পাওয়া যাবে যাতে বাতি জ্বালানো ও অন্য ব্যাপারে বিদ্যুতের ব্যবহার কম হবে বলে আশা করা হচ্ছে। সূর্যালোকের প্রাপ্যতার ভিত্তিতে বিশ্বের আরো অনেক স্থানে গ্রীষ্ম ও শীতকালীন পৃথক সময়ের ব্যবস্থা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৪৪ঘ.