২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

টঙ্গীতে তুরাগ নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং গাজীপুর জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বেশ কিছু ভবন আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। ভবনগুলো এমনভাবে ভাঙা হচ্ছে যাতে পুনঃনির্মাণের কোনও সুযোগ না থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- টঙ্গীতে তুরাগ নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং গাজীপুর জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বেশ কিছু ভবন আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। ভবনগুলো এমনভাবে ভাঙা হচ্ছে যাতে পুনঃনির্মাণের কোনও সুযোগ না থাকে। বিআইডব্লিউটিএ'র পরিচালক মাহমুদুল আলম ও গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুদাকদার উচ্ছেদ অভিযান তদারকী করেন। বিআইডব্লিউটিএ'র পরিচালক মাহমুদুল আলম বলেন, গত এক বছর ধরে জরিপ করে এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এরপর তা যাচাইবাছাই করে ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। অভিযানের প্রথম দিনে তুরাগের গাজীপুর অংশের ৫৯টি অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু হয়। নদীর তীর থেকে অবৈধ স্থাপনা মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান। আশুলিয়া ব্রিজ থেকে টঙ্গী বাজার পর্যন্ত মোট ৮ কিলোমিটার এলাকা জুড়ে তুরাগ নদীর তীরে ৯৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বুধবার সকাল থেকে তুরাগ নদীর তীরে টঙ্গী বাজার এলাকায় বুলডোজার, টাগবোট ও হাতুড়ি শাবল নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। উচ্ছেদের তালিকাভুক্ত বেশিরভাগ ভবনই বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার হচ্ছে। ভবনের বাসিন্দারা জিনিসপত্র নিয়ে ভবন ছেড়ে দিয়েছেন। মালিকরাও কোনও প্রকার বাধা দেননি। টঙ্গী বাজারে দোতলা মসজিদ মার্কেটটি অবৈধ স্থাপনা হিসেবে ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। এটিকে অবৈধ স্থাপনা হিসেবে স্বীকার করে নিয়েছেন ভবনটি দেখভালকারী টঙ্গী বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মেহেরউদ্দীন। তিনি উচ্ছেদ কর্তৃপক্ষের সামনে দু' একবার এটা না ভাঙার জন্য নীচু স্বরে অনুরোধ জানালেও জোড়ালোভাবে কিছু বলতে পারেননি। টঙ্গী পৌরসভার মালিকানাধীন তিনতলা মাছের বাজারটিও ভেঙে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/১৭০৬ ঘ.