ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি মামলায় ৩২ বছর কারাদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মুক্তি পেয়েছেন।
মঞ্জু বন্দী অবস্থায় ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল ছয়টার একটু আগে তিনি মুক্তি পান।
সর্বশেষ মামলায় গত ২৮ মে জামিন পান জাতীয় পার্টির এ নেতা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমস্ত মামলায় জামিন পেয়ে যাওয়ায় বুধবার বিকেলে মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার বারডেম হাসপাতাল থেকে কারারক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়।
সর্বশেষ মামলায় জামিন পাওয়ার পর মঞ্জুর আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এখন উনার (মঞ্জু) কারামুক্তিতে আর বাধা নেই।"
দুর্নীতির এই মামলায় মঞ্জুকে জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। এ মামলায় মঞ্জুর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের আদেশ বহাল থাকবে বলে আদালত জানায়।
৭৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০০৭ সালের ২৫ জুলাই শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।
ঢাকার একটি আদালত এ মামলায় মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড দেয়।
গত ৬ মে আনোয়ার হোসেন মঞ্জু অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ আদালত তাকে কারাগারে পাঠায়।
এর মধ্যে গত ২৬ মে মঞ্জুকে ঢাকা মহানগর দায়রা আদালত ২২ বোতল অবৈধ মদের মামলায় জামিন দিয়েছিল। এ মামলায় মঞ্জুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার একটি আদালত।
এর আগে গত ১৯ মে আনোয়ার হোসেন মঞ্জুকে দুটি মামলায় জামিন দেয় হাইকোর্ট। এর মধ্যে একটি অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় মঞ্জুকে ঢাকার আদালত ১৩ বছরের কারাদণ্ড ও ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/১৮০২ঘ.
bdnews24