ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ মঙ্গলবার শুরু করেছে সেনা বাহিনী, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি কমিটি।
আগামী পূর্ণিমার আগেই এই কাজ শেষ করতে চায় সরকার।
মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, প্রায় ২১৩ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে প্রায় ৪৩০ কোটি টাকার প্রয়োজন হলেও সরকার প্রাথমিকভাবে ১১৬ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৭৫ কোটি টাকা মূল্যের ২৫ হাজার মেট্রিক টন চাল এবং নগদ ৪১ কোটি টাকা রয়েছে।
উপকূলীয় এলাকায় বর্তমানে প্রায় দুই হাজার ২০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থাকলেও একে অপর্যাপ্ত বলে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, সরকার এই সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রায় চার হাজার কোটি টাকার সংস্থান করতে বিদেশি সাহায্যের প্রয়োজন হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দুর্গতদের সাহায্য করার পাশাপাশি সরকার এ অর্থ সংগ্রহেরও চেষ্টা করছে। এজন্য ৪ জুন দাতাদের সঙ্গে বহিঃসম্পদ বিভাগে (ইআরডি) বৈঠক অনুষ্ঠিত হবে।
ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছাসে ব্যাপকভাবে বাঁধ ভাঙ্গার কারণ হিসেবে বাঁধের নিচ দিয়ে পাইপ বসিয়ে মেশিনের মাধ্যমে বালু তোলাকে দায়ী করে আব্দুর রাজ্জাক বলেন, সরকার বিষয়টি চিহ্নিত করেছে। এসব পাইপ বাঁধের ভেতর দিয়ে নেওয়ায় বাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কেউ বাঁধের ভেতর দিয়ে পাইপ ঢোকাতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ত্রাণ বিতরণের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিনিধিদের। এখানে কিছু অনিয়ম হতে পারে। তবে সরকার এ ধরণের অনিয়ম সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ত্রাণ বিতরণ, সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম তদারক করতে এরই মধ্যে চারজন উপদেষ্টা ও মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তাও কাজ করবেন বলে তিনি জানান।
আব্দুর রাজ্জাক বলেন, সরকার এরই মধ্যে ত্রাণ কার্যক্রমের জন্য তিন কোটি এক লাখ টাকা এবং ১৫ হাজার ১৫০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে।
মন্ত্রী জানান পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঘরবাড়ি নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এজন্য এরই মধ্যে ১৭ কোটি ৫৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আটটি উপজেলার জন্য এক কোটি করে টাকা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২২০০ ঘ.
bdnews24