২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নীতিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত হচ্ছে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্র্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্র্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, 'কলেজ অধ্যক্ষদের মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হবে।' তিনি জানান, মতবিনিময় সভায় এ ব্যাপারে কলেজ অধ্যক্ষদের মতামত নেওয়া হয়েছে। যারা মত দিতে পারেননি, আগামী দু' এক দিনের মধ্যেই তাদের মতামত শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। এর ভিত্তিতেই একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল থাকবে। অর্থাৎ জিপিএর ভিত্তিতেই ভর্তি ছাত্রদের ভর্তি করা হবে। তবে মঙ্গলবারের সভায় কলেজ অধ্যক্ষদের অনেকেই আগের নীতিমালার ব্যাপারে দ্বিমত প্রকাশ করেন। ঢাকা কলেজের অধ্যক্ষ ড. সিরাজুদ্দিন আহমেদ বলেন, 'জিপিএর পরিবর্তে নম্বরের ভিত্তিতে ভর্তি করা উচিত।' উত্তরা রাজউক মডেল কলেজ এর অধ্যক্ষ এএসএম মুশফিকুর রহমান বলেন, 'জিপিএর পাশাপাশি ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকা উচিত।' দেখা গেছে, চলতি নিয়মে ফল এক হলেও শুধুমাত্র বয়স বেশি হওয়ার কারণে কেউ ভর্তির সুযোগ পাচ্ছে, অন্যজন বয়স কম হওয়ার কারণে পাচ্ছে না। ব্যাপারটি উল্লেখ করে আরেকজন অধ্যক্ষ বলেন, ' বয়স ভিত্তিতে ভর্তির নিয়ম অমানবিক। ভর্তি নম্বরের ভিত্তিতে হওয়া উচিত।' আসন সঙ্কট প্রসঙ্গে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান বলেন, 'সুযোগ থাকলে অবশ্যই কলেজগুলোতে ডাবল শিফট চালু করা উচিত।' শিক্ষামন্ত্রী জানান, ভালো কলেজগুলোতে ভর্তির চাপ বেশি থাকলেও সারা দেশে আসন সঙ্কট হবে না। গত ২৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। দশ বোর্ডের সম্মিলিত পাসের হার ৭০ দশমিক ৮৯। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৩শ' ৭ জন। মতবিনিময় সভায় ত্রিশটিরও বেশি কলেজের অধ্যক্ষ বক্তব্য দেন। অধ্যক্ষদের মধ্যে কেউ কেউ ফলাফলের ভিত্তিতে খুব ভালো প্রতিষ্ঠানে জিপিএ ৫ ছাড়াও কোটা করে অপেক্ষাকৃত কম ভালো শিক্ষার্থী ভর্তি করা, স্কুল অ্যান্ড কলেজে নিজস্ব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভর্তি বাধ্যতামূলক করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্ম সচিব ( কলেজ) মাঈনুদ্দীন খন্দকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান-উর-রশীদ, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. বায়তুন নাহার ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএম/এসকে/১৯৩০ঘ.