ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে সোমবার রাতে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারী আহত হয়েছে। (আরও তথ্যসহ)
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগারগাঁও-শ্যামলী সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের ধরতে গেলে গোলাগুলিতে তারা আহত হয়। এসময় সামাদ নামে তাদের এক সহযোগীকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আহতরা হলেন, মিরপুরের পূর্ব মনিপুরের সবুজ মিয়া (৩০) এবং সেনপাড়ার মাহবুব (২৯)। দুজনেরই ডান পায়ে গুলি লেগেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে মাহবুব শাহাদাত বাহিনীর 'সেকেন্ড ইন কমান্ড' বলে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে আগারগাঁও বিসিসি ভবনের সামনে থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
কামালউদ্দিন বলেন, "রাত পৌনে ২টায় নিয়মিত পুলিশি টহলের সময় সবুজ ও মাহবুবকে পুলিশ আটক করার সময় তারা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।"
তাদের কাছ থেকে একটি রিভলবার ও একটি পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
রাজধানীতে ছিনতাই প্রতিরোধে পুলিশ ও র্যাব অভিযান চালাচ্ছে। এক মাসে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২ ছিনতাইকারী নিহত এবং ২০ জন আহত হয়েছে। র্যাবের সঙ্গে 'গোলাগুলিতে' আহত হয় ১১ জন সন্দেহভাজন ছিনতাইকারী। নিহত হয়েছে ৮ জন।
এছাড়া শাহআলী থানা পুলিশ সোমবার রাতে উত্তর বিশিল এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ বাতেন বেপারি ওরফে বাবু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এইচএ/১৯১০ ঘ.
bdnews24