২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে

বঙ্গোপসাগরে আবহাওয়াগত অবস্থার উন্নতি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা সংকেত তুলে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত বিশেষজ্ঞ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় তিনটি সমুদ্র বন্দরকেই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 05:02 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গোপসাগরে আবহাওয়াগত অবস্থার উন্নতি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্কতা সংকেত তুলে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত বিশেষজ্ঞ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় তিনটি সমুদ্র বন্দরকেই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরের ওপরে মৌসুমি বায়ুপ্রবাহ দুর্বল হয়ে অবস্থান করছে। তবে এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। এর আগে বজ্রমেঘের কারণে সাগর উত্তাল জানিয়ে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে। সাগরে বাতাসের বেগ বেড়ে যাওয়ায় উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা ছিল। ঘূর্ণিঝড় আয়লার আঘাত কাটতে না কাটতেই সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূল অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা ভীতির সৃষ্টি হয়। গত সপ্তাহে ঘূর্ণিঝড় 'আয়লা'-র আঘাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় শতাধিক মানুষ মারা যায়। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 'আয়লা'-র প্রভাবে এ বছর মৌসুমি বায়ুপ্রবাহ আগেভাগেই প্রবাহিত হতে শুরু করেছে। বাংলাদেশে মৌসুমি বায়ুপ্রবাহ সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। তবে এবার 'আয়লা'-র সঙ্গে মে মাসের শেষ দিকেই শক্তিশালী মৌসুমি বায়ু প্রবাহ বিস্তার লাভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪২ঘ.