কুমিল্লা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা পৌরসভার সোয়া দুই কোটি টাকার দরপত্র নিয়ে সোমবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এ সময় অন্তত চার রাউন্ড গুলি আওয়া শোনা গেছে।
আহতদের মধ্যে আছেন, কোতয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী রিয়াজ মাহামুদ, লিটন, ফয়সাল সাইদ, আশিক শংকর, মনির।
ঘটনার পরপরই পুলিশ, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মতিউল ইসলাম জানান, পৌরসভার কাজের দরপত্র সিডিউল কেনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। গোলাগুলি হওয়ার কথাও তিনি স্বীকার করেন।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার অথবা কোন মামলা হয়নি বলে ওসি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা পৌরসভার বিভিন্ন সড়ক, কালভার্ট মেরামত কাজের ৯টি গ্রুপে দরপত্র বিক্রি শুরু হয় বৃহস্পতিবার থেকে। শুরু থেকে ছাত্রলীগের জাবেদ গ্র"পে নেতাকর্মীরা দরপত্র কেনায় ঠিকাদারদের বাধা দিয়ে আসছিল।
সোমবার দরপত্র সিডিউল বিক্রির শেষদিন ছিল। এদিন রিয়াজ গ্রুপের নেতাকর্মীরা দরপত্র সিডিউল কিনতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। দুই গ্রুপের নেতাকর্মীরা চাপাতি, লাঠি ও রড নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৬ ঘ.
bdnews24