২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক তিন গোয়েন্দা কর্মকর্তাকে মুখোমুখি করা হচ্ছে

দশ ট্রাক অস্ত্র মামলায় পাওয়া তথ্য যাচাইয়ের জন্য গ্রেপ্তার সাবেক তিন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় পাওয়া তথ্য যাচাইয়ের জন্য গ্রেপ্তার সাবেক তিন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন ও উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতকে সামনা-সামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। এ কারণেই সোমবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য মেজর লিয়াকতকে ছয়দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী রোববার আদালতে লিয়াকতকে ১০ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চান। সোমবার মহানগর হাকিম মাহবুবুর রহমান ছয়দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এদিকে এনএসআই'র সাবেক পরিচালক সাহাবুদ্দিনকে ১০ দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন নিয়ে শুনানি হবে বুধবার। এর আগে তাকে দু'দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে সাবেক গোয়েন্দা প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয়দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। তাকে এখন পর্যন্ত টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়নি। বুধবার সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেলে তিনজনকেই ঢাকায় টিএফআই সেলে নেওয়া হবে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে লিয়াকত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে গেছেন। এ কারণেই তাকে আবারও ছয়দিন টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কবে তাকে ঢাকায় নেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে তিনি বলতে পারেননি। সোমবার শুনানিতে অংশ নেওয়া লিয়াকতের আইনজীবী আবুল হাসান জিজ্ঞাসাবাদ আবেদনের বিরোধীতা করে বলেন, অস্ত্র আটকের সময় তিনি (লিয়াকত) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটেশনে কর্মরত ছিলেন। তার পক্ষে এ ঘটনার সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। লিয়াকতের আইনজীবী স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তার জামিনের আবেদন জানালেও বিচারক তা না মঞ্জুর করেন। একই আদালতে এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমের পক্ষে জামিনের আবেদন জানানো হয়। কিন্তু তাও মঞ্জুর হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/টিআর/২২১৪ ঘ.