চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই এর সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার চারদিনের পুলিশ রিমাণ্ড শেষে সোমবার দুপুরে লিয়াকতকে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী।
এ সময় লিয়াকতের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত লিয়াকতকে ঢাকায় টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে।
রোববার এনএসআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিনকে ১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।
সিআইডির বিশেষ সুপার মো. মুসলিম বলেন, অধিকতর তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
সোমবার এ রিমান্ড আবেদনের শুনানি হবে বলেও জানান তিনি।
এর আগে এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এনএসআই-এর সাবেক পরিচালক সাহাবউদ্দিনের জবানবন্দির পরিপ্রেক্ষিতে ওই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিআইডি গত মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৭০৯ ঘ.
bdnews24