২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে: খালেদা

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সক্রিয় রয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সক্রিয় রয়েছে। (বিস্তারিত) তিনি বলেন, "দেশের অবস্থা ভালো নয়। আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।" এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান খালেদা জিয়া। সোমবার দুপুরে কেরানীগঞ্জের আগানগর- গুদারাঘাটের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ আহবান জানান। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা পৌনে তিনটায় কেরানীগঞ্জের আগানগর-গুদারাঘাটে স্থানীয় নেতারা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বলেন, ''দেশে আজ চরম দুর্গতি। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। ভালো হওয়ার কোনো লক্ষণ নেই।'' বিরোধী দলীয় নেতা বলেন, ''আপনারা জানেন মাঝখানে দেশ দীর্ঘদিন গণতন্ত্রহীন অবস্থায় ছিল। কিন্তু নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতায় আসার পরও সেই অবস্থার কোনো উন্নতি হয়নি। ''আমি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর এরকম অনুষ্ঠানে বক্তব্য রাখি না। আজ আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই সংগঠিত থাকুন।'' বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এর আগে দুপুর পৌনে ১২টায় রামপুরা টিভি কেন্দ্রের সামনে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খালেদা। এরপর তিনি খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার স্পটে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস প্রমুখ। খাবার বিতরণের তিন দিনের এই কর্মসূচি সোমবার শেষ হচ্ছে। এদিন রামপুরা, ডেমরা ছাড়াও শ্যামপুর, দনিয়া, কদমতলী ও কেরানিগঞ্জের ২১টি স্পটে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন খালেদা জিয়া। শেষ দিনে সর্বশেষ কর্মসূচিটি রয়েছে গাবতলীর আমিনবাজারে। জিয়ার মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি শুরু হয়। গত দুই দিনে বিএনপি চেয়ারপারসন ৮৫টি স্পটে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এইচএ/১৭২০ ঘ.