বাংলাদেশকে চতুর্থ নিরাপদ আশ্রয় করতে চেয়েছিলেন দাউদ ইব্রাহিম?
বাংলাদেশকে তাদের সন্ত্রাসী নেটওয়ার্কের 'চতুর্থ নিরাপদ আশ্রয়ের দেশ' বানানোর পরিকল্পনা করেছিলেন কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। তার সহযোগী দাউদ মার্চেন্ট ও জাহিদকে এদেশে তারই একটি ভিত্তিকেন্দ্র গড়ে তোলার বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়।
গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে একথা বলেছেন আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট, জাহিদ শেখ ও তাদের সহযোগী কামাল মিয়া।
২৭ মে গ্রেপ্তারের পর শনিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৮দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছিল। তিনজনকেই ডিবি কার্যালয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে সন্ত্রাসীদের নেটওয়ার্ক পরিচালনা করতে বাংলাদেশকে একটি শক্ত ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্যে জাহিদ শেখ এদেশে এসে বসবাস করতে শুরু করেন। এই কাজে সহযোগিতা করতেই পরে কিলার দাউদ মার্চেন্ট বাংলাদেশ আসেন।"
পুলিশ কর্মকর্তা মাহবুব আলম জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে এখন তিনটি দেশকে দাউদ ইব্রাহিম তাদের অপরাধী কর্মকাণ্ডের আশ্রয় হিসাবে ব্যবহার করেন। এই তিনটি দেশ হলো ইরান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমীরাতের দুবাই। দাউদ মার্চেন্ট জানিয়েছেন চতুর্থ একটি আশ্রয় হিসাবে বাংলাদেশকে তৈরি করার জন্যে দাউদ ইব্রাহিম তাদের পাঠিয়েছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, দাউদ মার্চেন্ট ও জাহিদ শেখ গোয়েন্দাদের বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ ও তৎকালীন সরকার ভারতবিদ্বেষী বলে দাউদ ইব্রাহিম তাদের জানান। তিনি বলেন এ কারণে এ দেশ তাদের নেটওয়ার্ক পরিচালনার জন্যে একটি আদর্শ স্থান হতে পারে।
মাহবুব আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদে জাহিদ শেখ জানিয়েছেন তার মূল কাজ ছিল, ভারত থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের জন্যে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেওয়া। ভারত থেকে পালিয়ে আসা এরকম বেশ কয়েকজন সন্ত্রাসীকে তিনি ভুয়া নাম-পরিচয়ে জাতীয় ভোটার আইডি কার্ড এমনকী পাসপোর্ট তৈরি করে দিয়েছেন। অবস্থান আরও শক্তিশালী করার জন্যে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের পরিকল্পনা করেন। স্থানীয় এক মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। সামনের মাসেই ওই মেয়ের সঙ্গে তার বিয়ের কথা ছিলো।
বাংলাদেশে তাদের কর্মকাণ্ডে সাবেক জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও সাংসদ, একজন 'বিতর্কিত' চলচ্চিত্র ব্যবসায়ী সহযোগিতা করেন বলে জানিয়েছেন দাউদ মার্চেন্ট। তবে এদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের কথা অস্বীকার করে তিনি দাবি করেছেন, সব যোগাযোগ দাউদ ইব্রাহিমই রক্ষা করতেন। তারা বিভিন্ন প্রয়োজনে এদের কাছ থেকে সাহায্য পেতেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব বলেন, "আটককৃতরা জিজ্ঞাসাবাদে একজন ব্যবসায়ী ও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম জানিয়েছে। যাদের সঙ্গে যোগাযোগ ছিল বলে তারা দাবি করেছে, তাদের সম্পর্র্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা এখন তাদের মোবাইল ফোন রেকর্ড ও অন্যান্য আলামত পরীক্ষা করে দেখছি। দাউদ ইব্রাহিম চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রয়োজনীয় উপাত্ত পাওয়ার পরে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।"
