চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ ও নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিন রোববার চট্টগ্রাম বন্দর নিয়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, "জীবনের শেষ প্রান্তে ওঠা এ অভিযোগ ও নানা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় আজ আমার উপলব্ধি হয়েছে- এ দেশ ভাল মানুষের জন্য নয়।"
একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জের ধরে গত বুধবার সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় অভিজ্ঞতাহীন একটি কোম্পানিকে অনিয়মের মাধ্যমে কাজ দেওয়ার অভিযোগ তোলে নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
বিষয়টি খতিয়ে দেখতে একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক ফখরুদ্দীন সরকারের বিদায়ের পর এ প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কোনো কমিটি গঠন করা হল।
রোববার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে নিজের বাসায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতিন তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে তথ্য-উপাত্ত তুলে ধরেন সাংবাদিকদের কাছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি বিশেষ মহল সমাজে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এমন কাজ করছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন বলেন, "চট্টগ্রাম বন্দরকে ওয়ান ইলেভেনের আগের অবস্থায় অবস্থায় ফিরিয়ে নিতে এবং লুটপাটের রাজত্ব কায়েম করতে একটি স্বার্থান্বেষী চক্র উঠে পড়ে লেগেছে।"
গত দুই বছরে চট্টগ্রাম বন্দরে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি, জাহাজের গড় অবস্থান কালের উন্নতি এবং দুর্নীতি বন্ধে যে সফলতা এসেছে তা বানচাল করতে একটি বিশেষ চক্রের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে।
এ চক্রটির পক্ষের কোম্পানিকে বেশি দরে কার্যাদেশ না দেওয়ায় অন্যায়ভাবে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মতিন দাবি করেন, সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি ক্রয় কমিটির (পিপিআর) সব নিয়মনীতি অনুসরণ করে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় এছাক ব্রাদার্সকে কাজ দেওয়া হয়েছে।
দরপত্রের সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ায় এক্ষেত্রে তিন বছরে সরকারের প্রায় ১০০ কোটি টাকার সাশ্রয় হবে বলেও তিনি দাবি করেন।
মতিন বলেন, "সিসিটি পরিচালনায় দুই দফায় দরপত্র আহবানের পর সর্বনিম্ন দরদাতা এছাক ব্রাদার্সকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের প্রস্তাবের নিরিখে এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যাচাই-বাছাই করার পর সচিবের সুপারিশে উপদেষ্টা হিসেবে অনুমোদন দিয়েছি।"
তিনি জানান, প্রথম বার বাতিল হওয়ার পর দ্বিতীয় দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। অধিকতর প্রতিযোগিতা নিশ্চিত করতে দ্বিতীয় দরপত্রে তিন বছরের পরিবর্তে দুই বছরের অভিজ্ঞতার শর্ত রাখা হয়।
অংশগ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে এছাক ব্রাদার্স সর্বনিম্ন বার্ষিক ৮ দশমিক ৮৩ কোটি টাকা দর দেয়। অথচ প্রথম দরপত্রে সর্বনিম্ন দর ছিল ৪১ দশমিক ৮২ কোটি টাকা। যদিও এ দরপত্রটি নানা অনিয়মের কারণে গ্রহণযোগ্য ছিল না।
এ প্রতিষ্ঠানের অনভিজ্ঞতার অভিযোগ সম্পর্কে মতিন বলেন, "বর্তমানে সিসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ার টেকেরও কাজ শুরুর সময় কোনো অভিজ্ঞতা এবং ভারী যন্ত্রপাতি ছিল না। তারা বন্দরের নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে কাজ চালিয়েছে।
"অপরদিকে, শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এছাক ব্রাদার্স বন্দরভিত্তিক বেসরকারি কন্টেইনার ডিপো পরিচালনা করছে দীর্ঘদিন থেকে।"
তিনি জানান, এসব বিবেচনা করেই দরপত্র কমিটি এ কোম্পানিকে কাজ দেওয়ার সুপারিশ করেছে এবং মন্ত্রণালয় নিয়মনীতি অনুসরণ করে তা অনুমোদন দিয়েছে।
সরকারের শেষ মুহূর্তে অনুমোদন দেওয়ার যে অভিযোগ তা নাকচ করে মতিন বলেন, "দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত মন্ত্রণালয়ের ফাইল সই করার এখতিয়ার আমার ছিল। কাজেই তড়িঘড়ি করে নয়, স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করেই কাজ দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালনে কোনো দিন কোনো প্রশ্নের সম্মুখীন হইনি। বিভিন্ন বড় বড় দায়িত্ব পালনের সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় ১০ ট্রাক অস্ত্র মামলা তদন্তে ধীরগতি এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে সরকারের প্রভাবের বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক উপদেষ্টা এসব বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24