চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রোববার ভোররাতে গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে।
তারা হলেন- বশির, রিপন, সুমন, জুবায়ের ও সৈয়দ আলম।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার রসুলাবাদ এলাকায় রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত ডাকাতি করতে এলে কমিউনিটি পুলিশের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওসি আসলাম বলেন, "পথে উপজেলার ধর্মপুর এলাকায় কমিউনিটি পুলিশের সদস্যরা এবং স্থানীয়রা পাঁচ ডাকাতকে ধরে ফেলে। পরে স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়।"
তিনি জানান, ঘটনাস্থল থেকে ২টি এলজি, বন্দুকের চার রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় অস্ত্র ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি আসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১৫৫ ঘ.
bdnews24