২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীর কাফরুলে মাহফুজুর রহমান স্বাধীন নামে এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পুলিশ শনিবার বিকালে উদ্ধার করে। স্বাধীন ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাফরুলে মাহফুজুর রহমান স্বাধীন নামে এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পুলিশ শনিবার বিকালে উদ্ধার করে। স্বাধীন ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃতের বড় ভাই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টায় শ্যালিকা পরিচয় দিয়ে এক মহিলা ফোন করে জানান স্বাধীন মারা গেছেন। এই মহিলার দেওয়া ঠিকানা অনুযায়ী ৪২৫ নম্বর সেনপাড়া পর্বতার এক বাসায় গিয়ে স্বাধীনকে শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সাইদুর রহমান বলেন, পরিবারের অন্যদের অগোচরে স্বাধীন তার দ্বিতীয় স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে সেখানে থাকতেন বলে তারা পরে জানতে পেরেছেন। প্রথম স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে স্বাধীন মধুবাজারের এক ভাড়া বাসায় থাকতেন। সাইদুর বলেন, স্বাধীনকে তার দ্বিতীয় স্ত্রী সম্পত্তির কারণে পরিকল্পিতভাবে হত্যা করে থাকতে পারে। এব্যাপারে ময়না তদন্তের পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হবে। কাফরুল থানার উপ-পরিদর্শক ওমর আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোনে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে স্বাধীনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ বলেছে স্বাধীনের স্ত্রী এই ঘটনার সময় রান্নায় ব্যস্ত ছিলেন বলে তাদের জানিয়েছেন। স্বামীকে চা দিতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে লাগানো। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের জানালা দিয়ে দেখেন স্বাধীন ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২৩৪৯ঘ.