২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক জায়গায়ই ত্রাণসামগ্রী পৌঁছচ্ছে না, দুর্ভোগের শেষ নেই

ঘূর্ণিদুর্গত এলাকার অনেক জায়গায়ই ত্রাণসামগ্রী পৌঁছচ্ছে না। মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। বিশুদ্ধ পানির অভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও চর্মরোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গত এলাকার অনেক জায়গায়ই ত্রাণসামগ্রী পৌঁছচ্ছে না। মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। বিশুদ্ধ পানির অভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও চর্মরোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- ভোলা প্রতিনিধি জানান, যোগাযোগ সমস্যার কারণে ভোলার বিভিন্ন চরে ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার চলছে। দুর্গম ও বিচ্ছিন্ন চরগুলোতে ত্রাণ নিয়ে কেউ যেতে আগ্রহী হচ্ছে না। পানি সমস্যায় অনেক এলাকায় ডায়রিয়া দেখা দিয়েছে। ভোলা সদরের গাজীপুর চর, দৌলতখানের চর পদ্মা, হাজীপুর চর, দক্ষিণ সৈয়দপুর, চরফ্যাশনের চর পাতিলা , চর কুকরীমুকরী, সিকদারের চর, ঢালচরসহ বহু ক্ষতিগ্রস্ত চরের মানুষ এখনও খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। চর পাতিলা এলাকার সব কাঁচা ঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। সাগরবেষ্টিত হওয়ায় এই চরে প্রশাসনের পক্ষে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। চর মানিকা ইউনিয়নে ডায়রিয়া দেখা দেওয়ায় দক্ষিণ আইচা হাসপাতালের উদ্যোগে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা, খাবার স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জেলায় ২০টি মেডিকেল টিম কাজ করছে বলে জানান সিভিল সার্জন ডা. খায়রুল আনাম। শনিবার বিকেলে ভোলা জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম জানান, জেলায় ১৮ জন মারা গেছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২১ কিলোমিটার। গবাদি পশু মারা গেছে পাঁচ হাজার। নোয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের ছয়দিন পর প্রশাসনের কর্মকর্তারা ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীর কেরিং চরে পৌঁছলে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের ঘিরে ধরে। অতিরিক্ত জেলা প্রশাসক দীপক চক্রবর্তী জানান, কেরিং চরের প্রায় ৬০ হাজার দুর্গত মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল, ২০ বস্তা চিড়া, শাড়ি, পানি ও নগদ টাকা নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারদলীয় নেতারা দুপুরে ওই চরে পৌঁছেন। এ সময় হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের ঘিরে ধরেন। কেউ কেউ চিৎকার করে ত্রাণ বিতরণকারীদের দেখে কেঁদে ওঠেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এলাকায় পরিবার প্রতি ১০ কেজি চাল ও ১ কেজি চিড়া, গুড় দেওয়া হয়। এছাড়া স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীও ব্যক্তিগতভাবে কিছু টাকা দেন। চর লাঙ্গুলিয়া, নলের চর ও আশপাশের এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০০ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এখান থেকে ত্রাণ না পেয়ে কয়েক হাজার নারী-পুরুষ ফিরে যান। ভূমিহীন জমিলা খাতুন (৫৫) জানান, দুইদিন এসেও এক মুঠো চাল পাননি। জমিলার পরিবারে অসুস্থ স্বামী, বিধবা এক মেয়ে ও দুই নাতী নাতনীসহ ৮ সদস্য। চারদিন শুধু শুকনো চিড়া খেয়ে বেঁচে আছেন তারা। এদিকে ডাল চর, ধামার চর, কালাদুর নামার চরের মত বেশ কয়েকটি দুর্গম এলাকায় কোনো ত্রাণ যায়নি। সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ১৮টি ইউনিয়নের বহু জায়গায় অনাহারী মানুষের জন্য সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তবে এসব ত্রাণসামগ্রী অধিকাংশ ক্ষেত্রে দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না। প্রায় একই স্থানে ত্রাণসামগ্রী দেওয়ার কারণে কেউ পাচ্ছে আর কেউ পাচ্ছে না। বিশেষ করে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটকুপট, বড়কুপট, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঝাপাঘাট, গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা, চকবারা পদ্মপুকুর ইউনিয়ন সদর এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর দুর্গম এলাকা হওয়ায় সেখানে এখনও কোনো রকম ত্রাণ সামগ্রী যায়নি। দুপুরে পদ্মপুকুর, গাবুরার চকবারা, চাঁদনিমুখায় গিয়ে জানা যায়, দুইদিন পর শনিবার দু'টি বেসরকারি সংগঠন কিছু চিড়া, গুড়, খাবার পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছে। ওই এলাকার দুর্গত মানুষেরা আরও বেশি করে ত্রাণ পাঠানোর দাবি জানিয়েছে। শ্যামনগর উপজেলা সদর থেকে আটুলিয়া ইউনিয়ন সদরের চারদিকে শুধু পানি আর পানি। বাতাসে দুর্গন্ধ। পানিতে ভাসছে মৃত গবাদি পশু। এ পরিবেশে মানুষ পচা মাছ ও দূষিত পানি পান করে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। নেয়াবেকি খেয়াঘাট পার হয়ে পাখিমারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে থাকা খুপরি ঘরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুয়ে ছিল একই পরিবারের ৪ জন। পাশের আরও একটি ঘরে বাবু গাজীর ৯ মাসের ছেলে সাকিবের অবস্থা গুরুতর। বাবু গাজী জানান, এ পর্যন্ত তিনি সরকারিভাবে স্রেফ ১ প্যাকেট খাওয়ার স্যালাইন পেয়েছেন। আটুলিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ দিনে ১ হাজার ৯৫ জনকে ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে। এখানকার দায়িত্বপ্রাপ্ত ডা. লোকমান আহম্মেদ জানান, ডায়রিয়া আক্রান্ত রোগী ছাড়াও প্রায় শতাধিক মানুষকে চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে একাধিক মেডিকেল টিম ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার দুপুরে শ্যামনগরের মুন্সিগঞ্জ, হরিনগর, গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগরসহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২৫ঘ.