২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত, নিখোঁজ ১

নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

নওগাঁ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৪৫) এর মাথায় গুলিবিদ্ধ লাশ শুক্রবার সকাল ৯টায় পূর্ণভবা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শফিকুল সাপাহার উপজেলার পাতারী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গরু ব্যবসা করতেন বলে বিডিআর কর্মকর্তারা জানান। নওগাঁর ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের আধাতলা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার হাবিবুর রহমান হাবিব জানান, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের পাঁচ ব্যবসায়ী পাঁচটি গরুসহ সীমান্তের একটি হাটে যাচ্ছিলেন। ভারতের নাইয়েরকুড়ী ক্যাম্পের বিএসএফ'র একটি টহল দল ২৪৩ মেইন পিলারের কাছে নিরপেক্ষ এলাকায় বিনা উস্কানিতে ব্যবসায়ীদের লক্ষ্য করে ১৩ রাউন্ড গুলি ছোড়ে। তিন ব্যবসায়ী ফিরে এলেও নিখোঁজ থাকেন শফিকুল ইসলাম ও রুবেন (১৪) নামের এক কিশোর। শুক্রবার সকালে পাতারী গ্রামের সামনে পূর্ণভবা নদীতে ভাসতে দেখে বিডিআর জওয়ানরা লাশ উদ্ধার করে। পরে শফিকুলের পরিবারের লোকজন লাশটি তার বলে সনাক্ত করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ রুবেনের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান সুবেদার হাবিবুর। পাতারী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, তিনি জেনেছেন রুবেন ঘটনার সময় ভারতের ভূ-খণ্ডে ঢুকে পড়ে। তবে সে কোথায় আছে তা তিনি জানেন না। সুবেদার হাবিবুর রহমান জানান, বিনা উস্কানিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএসএফ'র কাছে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৫ ঘ.