২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীর জামিন আবেদন নামঞ্জুর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে হাজারীকে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিন ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আবেদন করেন। সেইসঙ্গে কারাগারে টেলিভিশনে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ উপভোগের অনুমতি চান হাজারী। আগামী ৫ জুন থেকে ইংল্যাণ্ডে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। বাংলাদেশও এতে অংশ নেবে। বিচারক অমর কুমার রায় হাজারীর জামিন আবেদন নাকচ করে দেন। কারাগারে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ উপভোগের অনুমতি ও প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। হাজারির পক্ষে আদালতে ওই আবেদন করেন তার আইনজীবী ইদ্রিস মজুমদার, ইসমাইল ভূঁইয়া ও সাইফুল আলম। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৮ সালের ২৭ নভেম্বর একই বিচারক জয়নাল হাজারীকে ১০ বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের রায় দেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত হাজারীর ১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর গত বছরের ১৫ জুন হাজারী ফেনীর একটি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯৪০ঘ.