বগুড়া, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণা মামলায় বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) পরিচালকসহ তিনজনকে জেলে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- নেকটার'র পরিচালক এবং সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলোজি (সিট) ফাউন্ডেশন নামের একটি এনজিওর চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, তার ছেলে সিট'র নির্বাহী পরিচালক এএসএম রওশন কবির শাহিন এবং কর্মকর্তা মহসিন আলী সরকার।
বগুড়ার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম জিয়াউর রহমানের আদালতে মঙ্গলবার জামিনের জন্য হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়ার গাবতলী উপজেলার সুনীল চন্দ্রের ছেলে পীযুষ চন্দ্র বাদী হয়ে গত ২৭ এপ্রিল বগুড়ার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মান্নান সরকারসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় চাকুরি দেওয়ার নামে ১ লাখ ১৪ হাজার টাকা গ্রহণ করে আত্মসাৎ করার অভিযোগ করা হয়।
বাদী পীযুষ চন্দ্র জানান, সিট ফাউন্ডেশনে চাকুরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে চাকুরি না দেওয়ায় তিনি এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪৭ ঘ.
bdnews24