২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে নজরুল জন্মবার্ষিকীতে তিনদিনের অনুষ্ঠানমালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। সোমবার সকালে দরিরামপুরের নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ময়মনসিংহ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। সোমবার সকালে দরিরামপুরের নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বই ও গ্রামীণ মেলা। নজরুল মঞ্চ এবং নামাপাড়া বটতলায় প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজেছে উৎসবের আমেজে। জেলা প্রশাসক এনএম সামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ মতিউর রহমান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের রেজা আলী, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৮ আসনের আব্দুস সাত্তার, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক ছিলেন নজরুল গবেষক আসাদুল হক ও অধ্যাপক মোকাররম হোসাইন। উদ্বোধনের আগে স্পিকার নজরুল একাডেমি মাঠে পৌঁছালে মুকুল ফৌজ, বিএনসিসি ও স্কাউটরা গার্ড অব অনার দেয়। সকালে ত্রিশাল উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবির ভক্ত-অনুরাগীসহ বিশিষ্ট ব্যক্তিরা। দুপুরের পর থেকে নজরুল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে ঢাকাসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আসা সাংস্কৃতিক দল রাত পর্যন্ত অনুষ্ঠান করে। এ ছাড়া কবির বাল্যস্মৃতি বিজড়িত বিচুতিয়া বেপারি বাড়ি ও কাজির সিমলা দারোগা বাড়িতে কবি নজরুল স্মৃতি কেন্দ্রগুলোতেও নজরুল ভক্ত-অনুরাগী ও গবেষকরা ভিড় করেন। "নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা" জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় নজরুল বক্তৃতামালার সাতটি অধিবেশন ছাড়াও থাকবে প্রাত্যহিক সাংস্কৃতিক সন্ধ্যা। জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের এই আয়োজনের মধ্য দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় কবির সাহিত্য গবেষণা ও সঙ্গীত চর্চায় অগ্রণী অবদান রাখার জন্য প্রবর্তন করতে যাচ্ছে "নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা"। এবারের সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং নজরুল সঙ্গীত চর্চায় শিল্পী সোহরাব হোসেন। রোববার এক প্রেস ব্রিফিং এ এসব জানানো হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ এবং প্রচার জনসংযোগ ও মিডিয়া উপকমিটির আহবায়ক আহমেদুল বারীসহ অনেকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৬ ঘ.