বরিশাল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড়ের প্রভাবে বাড়ির উঠানে ওঠা পানিতে ডুবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর লক্ষ্মীবর্ধন গ্রামে একটি শিশু মারা গেছে।
এছাড়া মেহেন্দীগঞ্জ উপজেলার দুটি গ্রামে কমপক্ষে দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বিধ্বস্ত ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বাকেরগঞ্জের মৃত শিশুটির নাম রাব্বি (৭)। সে চর লক্ষ্মীবর্ধন গ্রামের রবিউল মোল্লার ছেলে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মাসুদুজ্জামান জানান, ঝড়ের প্রভাবে চার থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হয়েছে এ এলাকার বাড়ি-ঘর। শিশু রাব্বি খেলার সময় বাড়ির উঠানের পানিতে পড়ে যায়।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. নুরুল আমিন জানান, ঝড়ে উপজেলার উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া ও রাজাপুর গ্রামের প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
তিনি জানান, ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে আহতদের মধ্যে মমতাজ (৭০), হালিমা বেগম (৬০) ও তানজিলকে (১০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৪ ঘ.
bdnews24