নোয়াখালী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'র প্রভাবে নোয়াখালীতে সোমবার সকাল থেকে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল ৬-৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সেখান থেকে একজন ভেসে যাওয়ারও খবর পাওয়া গেছে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা থেকে দ্বীপের বন্দরটিলা এবং নামারবাজারসহ বিভিন্ন এলাকায় জোয়ারের পানি ঢুকে ৩০-৩৫টি ঘর ভেসে গেছে। এ সময় নাজমা (৩০) নামে একজন পানিতে ভেসে গেছেন।
বন বিভাগের জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, নোয়াখালীর নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল ৬-৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক এমএ করিম জানান, নিঝুমদ্বীপ এবং হাতিয়া দ্বীপরে নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেছে। নিঝুমদ্বীপের আশ্রয়কেন্দ্রগুলোর আশপাশও প্লাবিত হয়েছে।
বঙ্গোপসাগর ও মেঘনার বুকে জেগে ওঠা নিঝুমদ্বীপে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এছাড়া সেখানকার জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ৩০ হাজার হরিণ।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় অনেক হরিণ সাগরে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৪৫৭ ঘ.
bdnews24