সাতক্ষীরা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে সোমবার সকাল থেকে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বেড়ে চারটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলীয় দুই উপজেলা শ্যামনগর ও আশাশুনির কয়েকটি গ্রাম। পানি ঢুকছে আরো কয়েকটিতে।
জেলা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তবিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোয়ারের পানি বেড়ে বেলা ১১টার দিকে শ্যামনগরের মাদার নদীর বাঁধ ভেঙে ভেটখালি বাজারসহ চার-পাঁচটি গ্রামে পান ঢুকতে শুরু করেছে। সাড়ে ১১টার দিকে সিংহতলী নদীর বাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে এবং আরেকটিতে পানি ঢুকছে।
এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে খলসিবুনিয়া, চাঁদনিমুখা, লেবুবুনিয়া, চকবারা ও জেলেখালী গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রাম তিন-চার ফুট তলিয়ে গেছে।
তবিবর রহমান আরো জানান, বেলা ১২টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের খোল পেটুয়া নদীর বাঁধ ভেঙে নাগনা, কুড়িকাওনিয়া, চাকনা ও হরিশখালী গ্রাম প্লাবিত হয়েছে।
তবিবর রহমান বলেন, শ্যামনগর ও আশাশুনি দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে বলা হয়েছে। শ্যামনগর উপজেলা সদরে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
তিনি বলেন, "সুন্দরবন সংলগ্ন নদীগুলোয় ৪-৫ ফুট জোয়ারের পানি বেড়েছে। এ কারণে নদীগুলোর বাঁধ ভেঙেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24