সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এবং ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার সিলেট থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মেজর মতিউর রহমান।
রোববার দুপুরে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মেজর মতিউর রহমান বলেন, অগ্নিকান্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের ৬০ হাজার স্বেচ্ছাসেবককে এর আওতায় এনে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে ৬ শ' জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ জন্য তিন বছর সময় লাগবে বলে তিনি জানান।
সোমবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর শিবগঞ্জের হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে তিনটি ব্যাচে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৬০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে ১৬০ জনকে এবং ১১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ঢাকায় ২৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষিতরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিবন্ধিত হবেন বলে জানান মেজর মতিউর রহমান। প্রশিক্ষণ শেষে তাদের সনদও দেওয়া হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক পরিমল কুন্ডু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩৭ঘ.
bdnews24