২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 09:13 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার মৃত্যুবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের একথা জানান। আগামী ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রাহমানের শাহাদাৎ বার্ষিকী। তিনি বলেন, ''সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। এ ব্যাপারে আজ (শুক্রবার) জাতীয় কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনদিনের এ কর্মসূচির মধ্যে রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে নেত্রী অংশ নেবেন।'' প্রতিটি ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কয়টি স্থানে তা করা হবে সে বিষয়ে কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানান তিনি। সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়ার ২৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক সাংসদ এমকে আনোয়ারের সভাপতিত্বে দিবসটি পালনের বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত দলীয় নেতারা জানান, বৈঠকে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম দলের নেতা ও সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় ওয়ার্ড কমিশনারদের নেতৃত্বে ওই কর্মসূচি সফলভাবে পালনের প্রস্তাব দেন। কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ এ প্রস্তাবের বিরোধিতা করেন। এ নিয়ে দুই গ্র"পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে চেয়ারপারসন বিষয়টি নির্ধারণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আহমেদ নজির,যুব দলের সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ ফজলুল হক মিলন, যুব দলের খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন। জিয়ার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভা, ৩০ মে শেরে বাংলা নগরে জিয়ার কবরে দলের নেতা-কর্মীদের পুস্পস্তবক অর্পণ ও ৩১ মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সেমিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এইচএ/১৫২১ ঘ.