ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই বোনকে হত্যার কথা স্বীকার করে ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন বড় ভাই দ্বীন ইসলাম ওরফে রেজা।
মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী বৃহস্পতিবার বিকেলে তার জবানবন্দি নথিভূক্ত করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জবানবন্দিতে রেজা স্বীকার করেন, বোন শান্তা ইসলাম অনেকদিন ধরে অনৈতিক কাজে লিপ্ত ছিল। বারবার নিষেধ করার পরও ওই পথ থেকে ফিরে না আসায় তিনি তার বোনকে হত্যা করেন।
শান্তাকে হত্যার সময় হালিমা জেগে উঠলে তাকেও রেজা হত্যা করেন বলে স্বীকার করেন।
গত সোমবার রাতে দ্বীন ইসলাম রাজধানীর খিলগাঁও এলাকার একটি ফ্ল্যাটে দুই বোন শান্তা ও হালিমাকে জবাই করে পালিয়ে যান। ঘটনার সময় নিহত দু'জনের বান্ধবী বৃষ্টিও রেজার ছুরিকাঘাতে আহত হন।
বুধবার গাজীপুরের একটি কারখানায় টেলিফোনে ডেকে এনে রেজাকে কৌশলে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/০০১৪ ঘ.
bdnews24