২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাই হত্যার কথা স্বীকার করে ভরসাপুত্রের জবানবন্দি

জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসার ছেলে কবিরুল ইসলাম ছোট ভাই খাইরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসার ছেলে কবিরুল ইসলাম ছোট ভাই খাইরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কনিকা বিশ্বাস বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কবিরুলের জবানবন্দি নথিভূক্ত করেন। এর আগে বুধবার কবিরুলকে গ্রেপ্তারের পর তার গাড়িতে লুকিয়ে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। ওই অস্ত্র সম্পর্কে তথ্য জানার জন্য কবিরুলকে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পল্টন থানা পুলিশ। আদালত তাকে দু'দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন। কবিরুল তার জবানবন্দিতে জানান, ব্যবসা নিয়ে বহুদিন ধরে ছোট ভাই খাইরুলের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। ইয়াবাসহ বিভিন্ন মাদকে কবিরুল আসক্ত। নেশার কারনে মাঝে মাঝেই তিনি বোধশক্তি হারিয়ে ফেলতেন। ব্যবসার হিসেব ঠিকমতো বুঝিয়ে না দেওয়ায় রাগে-ক্ষোভে কবিরুল খাইরুলকে হত্যার ষড়যন্ত্র করেন বলে জানান। তিনি বলেন, ষড়যন্ত্র অনুযায়ী অস্ত্র সংগ্রহ করে কাকরাইলের কার্যালয়ে গিয়ে খাইরুলকে তিনি গুলি করে হত্যা করেন। গত ২৭ এপ্রিল ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে (৩০) রাজধানীর বিজয় নগরের কার্যালয়ে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল। ঘটনার ২৩ দিনের মাথায় বুধবার রাজধানীর উত্তরখানের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে কবিরুলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/১১৫১ ঘ.