ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি এ বছরের এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপে (এইউডিসি) বিজয়ী হয়েছে।
রানার্স-আপ হয়েছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের আং উই জিয়া।
এশিয়ায় খেলাধুলার বাইরে একে শিক্ষার্থীদের সর্ববৃহৎ ইভেন্ট হিসেবে গণ্য করা হয়। ঢাকায় বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ১০টি দেশের ২৫ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এটি ছিলো এইউডিসি'র পঞ্চম আসর।
রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, "চিন্তা এবং মতামত ও আইডিয়ার লড়াই হচ্ছে বিতর্ক। যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আলী জাকের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, এইউডিসি নির্বাহী কমিটির চেয়ারম্যান এস্তেল ওসোরিও, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জালালউদ্দিন আহমেদ এবং উপাচার্য মোহাম্মদ শরীফ বক্তব্য রাখেন।
বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ফিলিপাইনের ২৬৭ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মোট নয়টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
২০০৫ সালে ফিলিপাইনে প্রথম 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত হয়। এর সর্বশেষ আসর বসেছিল ২০০৮ সালে মালয়েশিয়ায়।
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল রেডিও ফুর্তি, ইংরেজি দৈনিক নিউ এইজ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০০২০ঘ.
bdnews24