২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের ভিআইপি'র মর্যাদা দেওয়া হচ্ছে

'৭১ এর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাব ভূষিত এবং আহত মুক্তিযোদ্ধারা শিগগিরই ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭১ এর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাব ভূষিত এবং আহত মুক্তিযোদ্ধারা শিগগিরই ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান। পরে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি প্রস্তাবের সারমর্ম তুলে ধরে মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠিয়েছি।" তবে ওই বৈঠকে প্রতিমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন না। এ প্রস্তাব অনুমোদন পেলে ৫০২৭ আহত এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য 'বীর উত্তম', 'বীর বিক্রম' ও 'বীর প্রতীক' পদকে ভূষিত মুক্তিযোদ্ধারা সব জাতীয় অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ পাবেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত সাতজনই শহীদ হয়েছেন। কয়েকদিন আগে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়ার সুপারিশ করে ওই প্রস্তাব পাঠানো হয় বলেও জানান প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন,"মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর সহানুভূতি রয়েছে। আর এ কারণেই এটি অনুমোদন পাবে বলে আশা করছি।" ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাতজন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম উপাধি ভূষিত কমিটির সভাপতি অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব বীর মুক্তিযোদ্ধাকে ভিআইপি'র মর্যাদা দেওয়া উচিত। এতদিন আমরা তাদের যথাযোগ্য মর্যাদা দিতে পারিনি, এখন থেকেই আমাদের শুরু করতে হবে।" প্রতিমন্ত্রী সভাপতির অভিমতের সঙ্গে একমত পোষণের পাশাপাশি বলেন, "দেশে এমন অনেক মুক্তিযোদ্ধা রয়েছে যাদের পরার একটি লুঙ্গিও নেই। তাই এ বিষয়টি নিয়েও আমাদের ভাবতে হবে।" "আমরা তাদের জন্য কিছু করতে চাই", বলেন তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩৪৫ঘ.