বরগুনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটায় সোমবার উদ্ধার হওয়া সাতটি হরিণের মধ্যে একটি ওইরাতেই মারা গেছে।
পাথরঘাটা বন বিভাগে বাকি ছয়টির চিকিৎসা চলছে বলে জানান উপজেলার জ্ঞানপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায়।
তিনি বলেন, দীর্ঘ সময় খাবার না দিয়ে বেঁধে রাখার ফলে সোমবার রাতে একটি হরিণ মারা গেছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এরা।
সোমবার দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া খালের তীরের উপকূলীয় বনাঞ্চল থেকে পা বাঁধা সাতটি জীবিত হরিণ পুলিশ উদ্ধার করে।
পরে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহমেদ পাথরঘাটা বন বিভাগের কাছে হরিণগুলো হস্তান্তর করেন।
ওসি জানান, হরিণগুলো জ্ঞানপাড়া বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের ১০০ গজ দূর থেকে উদ্ধার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24