ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর খিলগাঁওয়ের সিপাইবাগ এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার সকালে দুই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- হালিমা (১৯) ও শান্তা ইসলাম (২১)। তারা সম্পর্কে চাচাতে বোন এবং তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলায়।
একই বাসা থেকে কোহিনূর নেসা বৃষ্টি নামে আরেক তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় খুরের জখম রয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ২৯৯/৩ সিপাইবাগের চারতলা বাড়ির তিনতলা থেকে হালিমা ও শান্তার লাশ উদ্ধার করা হয়।
বাড়িটির মালিক আবু তাহের জানান, ১ এপ্রিল থেকে শান্তা, শান্তার স্বামী পরিচয়ে জনৈক মিলন ও শান্তার বড় বোন পরিচয়ে বৃষ্টি বাড়িটি ভাড়া নেয়। শান্তার স্বামী মিলনকে এরপর আর খুব বেশি দেখা যায়নি। শান্তা 'মিডিয়ায়' ও বৃষ্টি একটি ক্লিনিকে কাজ করে বলে তারা বাড়িওয়ালাকে জানায়।
তিনি জানান, ভোরে ফজরের আযানের পর রক্তাক্ত অবস্থায় বৃষ্টি দোতালায় তার বাসার কলিং বেল বাজায়। এরপর বৃষ্টি জানায় যে তাদের বাসায় সন্ত্রাসী ঢুকেছে। এরপর তারা পুলিশকে খবর দেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা জানান, আহত বৃষ্টি পুলিশকে জানিয়েছে- শান্তার আপন ভাই পরিচয়ে সোমবার সন্ধ্যায় এক যুবক বাসায় আসে এবং রাতে সে থাকবে বলে শান্তা বৃষ্টিকে জানায়। এরপর ওই যুবক রাত সাড়ে ৩টার দিকে শান্তা ও হালিমাকে খুর দিয়ে জবাই করে বৃষ্টিকে আঘাত করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, পুলিশ নিশ্চিত হয়েছে যে মিলন সরদার নামে এক যুবকের সঙ্গে ২০০৭ সালে শান্তার বিয়ে হয় এবং ২০০৮ সালে তাদের তালাকও হয়। সেই যুবকই (সাবেক স্বামী) সোমবার রাতে শান্তার বাসায় এসে তাদের দু' বোনকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি নবজ্যোতি বলেন, "বাড়িওয়ালাকে তারা যে তথ্য দিয়েছিল তার বেশিরভাগই ছিল মিথ্যা। শান্তা ও বৃষ্টি বোন নয়। এবং তখন যে যুবককে শান্তার স্বামী হিসেবে বাড়িওয়ালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সেও তার স্বামী নয়।
তিনি জানান, বৃষ্টি ভোরবেলা বাড়িওয়ালার বাসায় গেলেও ঘটনা ঘটেছে তার কয়েক ঘণ্টা আগে। এই কয়েক ঘণ্টা বৃষ্টি কোথায় ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/আরএ/এজে/জিএনএ/১৫৫৭ ঘ.
bdnews24