২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা উত্তোলন শুরু করতে অনুমিত হিসাব কমিটির সুপারিশ

আলোচিত ফুলবাড়ি খনিসহ দেশের পাঁচটি কয়লা খনির উত্তোলন কাজ শিগগির শুরু করতে সুপারিশ করেছে সংসদের অনুমিত হিসাব কমিটি। তবে কোন পদ্ধতিতে এই কয়লা আহরণ করা হবে কমিটি সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি। সোমবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে এইচ এন আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ফুলবাড়ি খনিসহ দেশের পাঁচটি কয়লা খনির উত্তোলন কাজ শিগগির শুরু করতে সুপারিশ করেছে সংসদের অনুমিত হিসাব কমিটি। তবে কোন পদ্ধতিতে এই কয়লা আহরণ করা হবে কমিটি সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি। সোমবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে এইচ এন আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। তিনি বলেন, "জ্বালানি উৎপাদনের জন্য দেশের পাঁচটি কয়লা খনি থেকে এখনই কয়লা উত্তোলন শুরু করার পক্ষে কমিটি মত দিয়েছে।" কম খরচে পরিবেশের ক্ষতি না করে কয়লা উত্তোলন করা যায়- এমন উপায় বের করতে জ্বালানি মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নের জন্য কয়লার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে আশেকুর রহমান আরও বলেন, "খনি থেকে কয়লা কোন পন্থায় উত্তোলন করা হবে- মন্ত্রণালয়কে তা পর্যালোচনা করে কমিটির কাছে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।" দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের ব্যাপারে সরকার উভয় সঙ্কটে রয়েছে। ২০০৬ সালে এশিয়া এনার্জি ফুলবাড়িতে বিতর্কিত উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে গেলে স্থানীয় মানুষ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে সরকার ফুলবাড়িতে এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। ওই আন্দোলন চলার সময় বিক্ষুব্ধ জনতার ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালালে তিন জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২৩৯ঘ.