২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে বেগ পেতে হচ্ছে

দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তবে দু'জনেই অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তবে দু'জনেই অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। সোমবার সকাল থেকে নগরীর দামপাড়াস্থ সিআইডি কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল দ্বিতীয় দিনের মতো তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে দুই সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম গুরুত্বপূর্ণ কোন তথ্য দেননি বলে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এর বেশি তিনি আর কিছু বলতে রাজি হননি। সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দু'জনই সাবেক গোয়েন্দা প্রধান হওয়ায় তারা অনেক প্রশ্নু কৌশলে এড়িয়ে যাচ্ছেন। এছাড়া দু'জনই সাবেক উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা হওয়ায় বর্তমান তদন্তকারী দলের পক্ষে তাদের জিজ্ঞাসাবাদে বেগ পেতে হচ্ছে বলে তিনি জানান। একথা তদন্ত কর্মকর্তা রোববার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীনকে জানিয়েছেন। আদালত রোববার এ দু'জনকে তিনদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। বিকালেই সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাসের ঘটনার সঙ্গে এই দু'জনের কথিত সম্পৃক্ততার কথা প্রকাশ পায়। জবানবন্দিতে সাহাব উদ্দিন অস্ত্র খালাসের সঙ্গে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র সরবরাহের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান জড়িত বলে উল্লেখ করেন। এছাড়া অস্ত্র কিভাবে চট্টগ্রামে এসে পৌঁছায় এবং এর সম্ভাব্য গন্তব্যের কথাও বলেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহাব উদ্দিন দ্বিতীয় দফা যৌথ জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছিলেন এর অনেক কিছুই এড়িয়ে গেছেন মহানগর হাকিমকে দেওয়া জবানবন্দিতে। দুই সাবেক গোয়েন্দা প্রধানকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হলে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। ২০০৪ সালের এক এপ্রিল মধ্য রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিতে অস্ত্র খালাসের সময় চালানটি ধরা পড়ে। ওই সময় আবদুর রহিম এনএসআই'র মহা পরিচালক এবং রেজ্জাকুল হায়দার অন্য সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি এনএসআই'র পরিচালক নিযুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিআর/এসকে/২১১৬ঘ.