ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার, কিশোরগঞ্জ ও গাইবান্ধায় সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
এর মধ্যে কক্সবাজার শহরের কারাগার এলাকায় বালু বোঝাই ট্রাক উল্টে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় বাস-ট্রাক মুখোমুুখি সংঘর্ষে মারা গেছেন একজন। গাইবান্ধা সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজার: বিকেল ৫টার দিকে বালু বোঝাই ট্রাক উল্টে নিহত হন ট্রাকচালকের সহকারী রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার মাহবুবুর রহমানের ছেলে কলিম উল্লাহ (২৩) এবং শ্রমিক সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার নুর আলমের ছেলে আখতার মিয়া (২৫)।
আহত শ্রমিক সৈয়দ (৩৩), বাদশা মিয়া (৩৫) ও বাবুলকে (২৭) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের বাড়ি পিএমখালীর ছনখোলা এলাকায়।
কক্সবাজার থানার উপ-পরিদর্শক আহসান উল্লাহ ঘটনাস্থল থেকে জানান, সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে বালু বোঝাই করে কক্সবাজার শহরের কলাতলীতে আসার পথে জেলা কারাগারের কাছাকাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (চট্ট মেট্রো-ড-১১-১০৬২২) উল্টে যায়।
এসআই আহসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।
কিশোরগঞ্জ: সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদি উপজেলার পাচলগোটা নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ট্রাকচালক। আহত হন আরও ১৫ জন।
হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদি উপজেলার পাচলগোটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।"
আহতদের মধ্যে আছেন ট্রাকচালকের দুই সহকারী। এদের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাসযাত্রীদের ভর্তি করা হয়েছে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
গাইবান্ধা: গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের সদর উপজেলার কাজলঢোপ নামক স্থানে বিকেলে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রায়হান মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে। আহত হয়েছেন তার ভগ্নিপতি রফিকুল (২৪)। তাকে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা দুজনে রিকশাযাত্রী।
রায়হান গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে সাদুল্যাপুর থেকে গাইবান্ধাগামী সবুজ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-৪২৩৬) কাজলঢোপ নামক স্থানে রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রায়হান মারা যায়।
এসআই জানান, ঘটনার পর কাভার্ড ভানের চালক, তার সহাকারী ও রিকশাচালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24