সাতক্ষীরা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সোমবার দুপুরে বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।
আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল আলম।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একদল সন্ত্রাসী সকাল ১১টার দিকে দরপত্রের বাক্সটি ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।"
বাক্সের ভিতরে থাকা সব দরপত্র ওই সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে তিনি জানান।
ইউএনও জানান, আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ নূরুল ইসলাম এ ব্যাপারে থানায় মামলা করার প্রক্রিয়া চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ৩টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। দুপুর ১২টা পর্যন্ত ২০টির মত দরপত্র জমা পড়ে। এরপর 'সন্ত্রাসীদের' তাণ্ডবে আরও কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি।
তারা অভিযোগ করেন, দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল আলমের নেতৃত্বে ৪০/৫০ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী উপজেলা ভবনে এসে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলামের কাছে জানতে চায় কয়টি দরপত্র জমা পড়েছে।
নূরুল ইসলাম বিষয়টি জানাতে অস্বীকার করলে শুরু হয়ে যায় তাদের তাণ্ডব। তারা দরপত্র বাক্সটি ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। এর মধ্য থেকে জমা পড়া দরপত্রগুলো বের নিয়ে যায় তারা।
তবে অভিযোগ অস্বীকার করে আ.লীগ নেতা সামছুল আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় আমি জড়িত ছিলাম না। বহিরাগত কিছু সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।"
প্রশাসনের কর্মকর্তারা জানান, আশাশুনি বড় দূর্গাপুর, দক্ষিণ বড়দল, গোদাড়া, গাইয়াখালি, পাইথালি, কোলা, মইসাডাঙ্গা ও মজগুর খালি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন বিক্রি জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24