ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে রমনায় ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলার বাদি রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এএনএম বশিরউল্লাহ মামলার বাদি রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক কবীর হোসেনের সাক্ষ্য নেন।
সোমবারও মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
একই আদালতে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার বিচারও চলছে। হত্যা মামলায় বাদিসহ দুইজন সাক্ষ্য দিয়েছেন।
আগামী ২০ ও ২১ মে হত্যা এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য রয়েছে।
রোববার কারাগারে থাকা আসামি হুজি নেতা মুফতি হান্নানসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইন আদালতে হাজির ছিলেন।
এ দুই মামলায় এখনো আটজন আসামি পলাতক রয়েছে।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসবে রমনার বটমূলে সন্দেহভাজন জঙ্গীরা ওই বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এএল/এসকে/২২১৭ঘ.
bdnews24