২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র পাচারে জড়িত সবার বিচার হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দশ ট্রাক অস্ত্র পাচারে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন, সরকারি পদে থেকে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ যারা প্রভাবিত করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র পাচারে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তিনি বলেন, সরকারি পদে থেকে দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ যারা প্রভাবিত করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তানজিম আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "সরকারি পদ ব্যবহার করে যারা মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। বড় ধরনের অস্ত্র উদ্ধার, ১৭ আগস্টের বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ সব জঙ্গি হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।" বিশ্বমন্দা পরিস্থিতি মোকাবেলা এবং নীট পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকে আলোচনা হয়। তানজিম আহমেদ বলেন, "তদন্ত কার্যক্রম যাতে প্রভাবিত না হয় সেদিকে সরকারের নজর রয়েছে। সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করতে যত গভীরে যেতে হয় যাবো, যত উপরে উঠতে হয় উঠব।" বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত প্রতিবেদন দুয়েক দিনের মধ্যে হাতে পাবেন বলে জানান তিনি। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী জানান, চাঁদাবাজি, সন্ত্রাসী ও মলমপার্টির দৌরাত্ম বন্ধে রাজধানীতে অভিযানে নামানো হচ্ছে পুলিশের বিশেষ দল 'রবারি ফোর্স প্যাট্রোল'। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চলন্ত যানবাহনে আকস্মিক তল্লাশি চালাবে পুলিশের এ দল। পোশাক শিল্পকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অপতৎপরতা রোধে এ শিল্পে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ব্যবস্থা চালু করা হচ্ছে। বিজিএমইএ ও বিকেএমইএ'র স্থানীয় কমিটিগুলোও সচল করা হচ্ছে। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের নামে ভাঙচুর ও অরাজকতা রোধ করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা কাউকে ফোর্স দিয়ে দমন করব না, শুধু সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করব। বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "শ্রমিক অসন্তোষের নামে বিশেষ একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ শিল্পের উদ্বেগের কথা আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।" ফজলুল হকের নেতৃত্বে ১১ সদস্যের এ প্রতিনিধি দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তিন ঘন্টা বৈঠক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২১৩০ ঘ.