২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু খুনীদের ফিরিয়ে আনতে জয়েন্ট সেল হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি জয়েন্ট সেল গঠন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্র ও কানাডায় এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি জয়েন্ট সেল গঠন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্র ও কানাডায় এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, "পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের কর্মকর্তাদের নিয়ে একটি জয়েন্ট সেল গঠন করার কথা আমরা ভাবছি। বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা এসব খুনির বিষয়ে তথ্য সংগ্রহ করার দায়িত্ব পালন করবে এই কমিটি।" যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পলাতক হত্যাকারীদের ফিরিয়ে আনার ব্যাপারে অনুরোধ করার কথা জানিয়ে হাসান মাহমুদ বলেন, "তারা বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।" বঙ্গবন্ধুর খুিনদের মধ্যে কয়েকজনের উত্তর আমেরিকায় থাকার তথ্য সরকারের কাছে রয়েছে বলে জানান হাসান মাহমুদ। এর আগেরবার ১৯৯৬ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ শুরু করে। ওই সময় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজে বের করতে বিভিন্ন দেশও সফর করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় 'উচ্চাকাক্সক্ষী ও বিপথগামী' সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুসহ তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করে। দেশে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের অসহযোগিতার অভিযোগের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "জনবল সঙ্কটের কারণে মিশনগুলো ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না।" তাৎক্ষণিক পরিসংখ্যান দিয়ে হাসান মাহমুদ বলেন, "সৌদি আরব মিশনে সর্বোচ্চ ৪০ জন কর্মরত রয়েছেন। অথচ দেশটিতে বাংলাদেশীর সংখ্যা প্রায় ২২ লাখ।" এদের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জন কূটনীতিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সে কারণে তাদের ওপর দোষ চাপানো উচিত হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশ্ন করেন, "এই লোকবলে এত মানুষের সেবা করা কিভাবে সম্ভব?" তবে মিশনে কর্মরত কর্মকর্তাদের নিজেদের 'প্রভু না ভেবে জনগণের সেবক ভাবা উচিত' বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯১৮ঘ.