২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির নিয়ে সংঘর্ষে কক্সবাজারে একজন নিহত, আনসার সদস্য গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দু'দলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার গভীর রাতে উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকায় 'ইনানি রিসোর্ট' নামের রেস্তোরাঁর কাছে এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কক্সবাজার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দু'দলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার গভীর রাতে উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকায় 'ইনানি রিসোর্ট' নামের রেস্তোরাঁর কাছে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে দক্ষিণ পহরচাঁদা গ্রামের ছৈয়দ আহমদের ছেলে আব্দুল করিম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ রোসাইঙ্গা পাড়ার আশেক (২৮) ও মুজিবুর রহমানকে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনানি রিসোর্টে কর্মরত আনসার সদস্যদের গুলিতে আব্দুল করিম নিহত হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ ৪ আনসার সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ১২ জনের নাম উল্লেখসহ ২৪ জনকে আসামি একটি মামলা করা হয়েছে থানায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হারবাং এলাকায় একটি জমি নিয়ে নজরুল ও রফিকুল আহসান বুলবুলের গ্র"প এবং একই এলাকার মৌলভী কবির আহমদের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে কবির আহমদের পক্ষের লোকজন ওই জমি দখল করতে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জসীম উদ্দিন আরও বলেন, সংঘর্ষ চলাকালে একটি পক্ষ ইনানি রিসোর্টে হামলার চেষ্টা করলে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের প্রতি গুলি ছোঁড়ে। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলিবিনিময় হয়। ওই সময় তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ চার আনসার সদস্য জিয়াউর রহমান, জামাল হোসেন, ইব্রাহিম ও এখতেয়ার উদ্দিন এবং ইনানি রিসোর্টের ব্যবস্থাপক হিল্লোলকে গ্রেপ্তার করেছে। ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে নিহত আবদুল করিম ইনানি রিসোর্টের আনসার সদস্যদের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ইনানি রিসোর্টে দায়িত্বরত আনসার সদস্যরা ৭ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে সংঘর্ষে মোট ১৬ রাউন্ড গুলিবর্ষণ হয়েছে বলে জানান তিনি। এদিকে ইনানি রিসোর্টের আনসার সদস্যরা স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের ক্যাম্পে প্রথমে হামলা ও ভাংচুর করা হলে আত্মরক্ষার্থে তারা ফাঁকা গুলিবর্ষণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.