২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৫ জন নিহত

গাইবান্ধা, মৌলভীবাজার, নোয়াখালী ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার গাইবান্ধার সাদুল্যাপুরে একজন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন, নোয়াখালীর বেগমগঞ্জে দু'জন এবং শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলায় একজন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা, মৌলভীবাজার, নোয়াখালী ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার গাইবান্ধার সাদুল্যাপুরে একজন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন, নোয়াখালীর বেগমগঞ্জে দু'জন এবং শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলায় একজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় জগদীশ বর্মন (২৬) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মেঘারচর গ্রামের ভোলা বর্মনের ছেলে। ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান আনিস জানান, বিকেল ৩টার দিকে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজের সামনে একটি রিকসা-ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ভ্যানের যাত্রী জগদীশ মারা যান। ট্রাক চালক ও সহায়তাকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার পাত্রীকুল এলাকায় শ্রীমঙ্গল-মির্জাপুর সড়কে পিকআপ ভ্যান চাপায় আবুল কালাম (৮) নামে এক শিশু মারা গেছে। আবুল কালাম শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের নজির মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, বেলা ২টার দিকে গ্রামে ভিক্ষা করার সময় কালাম রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি। নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- নজরুল ইসলাম জাবেদ (২৫) ও মো. সোহাগ (২৮)। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, দুপুর ১টার দিকে নজরুল ও সোহাগ মটরসাইকেলে সোনাইমুড়ির জয়াগ বাজার থেকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ যাচ্ছিলেন। পথে কেন্দুরবাগে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে তারা মারা যান। বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। মামলার প্রস্তুতি চলছে। মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকায় ফরিদপুর-বরিশাল সড়কে বাস চাপায় অজ্ঞাতনামা আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ওই ব্যক্তি মারা যান। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.