ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সবুজবাগ থানা এলাকায় শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই 'সন্ত্রাসী' নিহত হয়েছে বলে র্যাব দাবি করেছে। (আরও তথ্যসহ)
নিহতরা হলেন- নূরে আলম বাবু (২৮) ও সালাউদ্দীন ওরফে সোহেল (২৮)। তারা দু'জনেই মিরপুরের সন্ত্রাসী শাহাদৎ বাহিনীর সদস্য বলে দাবি করেছে র্যাব।
তবে নিহতদের স্বজনরা দাবি করেছেন, বুধবার রাতে তাদেরকে মিরপুর এলাকা থেকে ধরে নিয়ে যায়। তারা সন্ত্রাসী নয়।
সকালে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে র্যাব ও পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল।
র্যাবের বরাত দিয়ে তিনি আরও বলেন, "ভোর তিনটার দিকে সবুজবাগ এলাকার চেকপোস্টে একটি মাইক্রোবাসকে থামার নির্দেশ দিলেও তা না থেমে চলে যায়। এ সময় র্যাব মাইক্রোবাসটিকে ধাওয়া করলে মাইক্রোবাস থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে সোহেল ও বাবু মারা যায়।"
র্যাব মাইক্রোবাসটি আটক করেছে। এছাড়া তিনটি পিস্তল (২টি পয়েন্ট ৩২ ও একটি পয়েন্ট ২২ বোর), নয় রাউন্ড গুলি ও একটি মদের বোতল উদ্ধার করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহাদৎ বাহিনীর সহযোগীরা মালিবাগ, খিলগাঁও ও কমলাপুর এলাকার গার্মেন্টস ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা সংগ্রহ এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিল।
নিহত বাবুর মা জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে মিরপুর এলাকা থেকে বাবুকে ধরে নিয়ে যায় র্যাব-৩। বাবু চা'র দোকান করতো বলে তার মা দাবি করেছেন।
অন্যদিকে সোহেলের মা রওশন আরা বলেন, তার ছেলে ইন্টারনেট লাইন লাগানোর কাজ করত। বুধবার রাতে তাকে র্যাব ধরে নিয়ে যায়। সোহেল সন্ত্রাসী নয় বলে তিনি দাবি করেন।
গত ৬ মে কামরাঙ্গীর চরের শহীদ নগরে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন আলমগীর হোসেন ওরফে দেলোয়ার হোসেন দিলু।
এর আগে গত ৫ মে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড (ক্রসফায়ার) ঘটতে দেবে না।
র্যাব গঠনের পর এ পর্যন্ত এ বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কমপক্ষে সাড়ে ৫শ' ব্যক্তি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এফএফ/জিএনএ/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24