২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' উদ্বোধন

ঢাকায় 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (এইউডিসি)' এর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। এটি এইউডিসি'র পঞ্চম আসর। জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ রাজধানীর সোনারগাঁও হোটেলে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (এইউডিসি)' এর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। এটি এইউডিসি'র পঞ্চম আসর। জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ রাজধানীর সোনারগাঁও হোটেলে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এশিয়ায় খেলাধুলার বাইরে একে শিক্ষার্থীদের সর্ববৃহৎ ইভেন্ট হিসেবে গণ্য করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার প্রতিযোগীদের উদ্দেশে বলেন, "একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" এ উপমহাদেশে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "এটা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামীতে আরো বড় কোনো লক্ষ্য অর্জনে তাদের আস্থা বাড়াবে।" অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম জানান, ইউজিসি আগামী বছরের প্রথমদিকে সার্ক আঞ্চলিক বির্তক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে এইউডিসির নির্বাহী কমিটির চেয়ারম্যান এস্তেল ওসোরিও, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জালালউদ্দিন আহমেদ এবং উপাচার্য মোহাম্মদ শরীফ উপস্থিত ছিলেন। বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ১০টি দেশের ৬৯টি দলের মোট ২৭৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ফিলিপাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মোট নয়টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দুই ধাপের এ প্রতিযোগিতার প্রথম পর্ব ১৫-১৭ মে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের শীর্ষ বাছাই ১৬টি দল ১৮-১৯ মে সোনারগাঁও হোটেলে প্রতিযোগিতার নকআউট রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে। ২০০৫ সালে ফিলিপাইনে প্রথম 'এশিয়ান ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত হয়। এর সর্বশেষ আসর বসেছিল ২০০৮ সালে মালয়েশিয়ায়। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার রেডিও ফুর্তি, ইংরেজি দৈনিক নিউ এইজ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/এইচএ/২৩২০ ঘ.