২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধোলাইখালে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর ধোলাইখালে বুধবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে ছিনতাইকারীরা দু' লাখ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। ডান হাতে ও ডান বুকে গুলিবিদ্ধ সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসির আহমেদকে (৩২) রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধোলাইখালে বুধবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে ছিনতাইকারীরা দু' লাখ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। ডান হাতে ও ডান বুকে গুলিবিদ্ধ সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাসির আহমেদকে (৩২) রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত নাসির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, নবাবপুর রোডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে দু' লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি নবাবপুর রোডে ইলেকট্রনিক্স এর ব্যবসা করেন। তার বাসা পাঁচভাই ঘাট লেন, ধোলাইখাল, সূত্রাপুর। নাসির জানান, একমাস আগে সন্ত্রাসীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। তা না দেওয়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করে দু' লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আজহারুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রাতে এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। এদিকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, বুধবার ভোরে গুলিস্তান থেকে বিমানবন্দর যাওয়ার পথে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে টাকা পয়সা ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আহত যুবক সোহেল রানাকে (২৫) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সোহেল সাংবাদিকদের জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি বাবা আব্দুল মালেককে নিয়ে গুলিস্তান থেকে সিএনজি অটোরিক্সায় বিমান বন্দরে যাচ্ছিলেন । অটোরিক্সাটি বাড্ডা নতুন রাস্তায় উঠার সময় একটি ট্রাক্সি ক্যাবে করে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা সোহেলকে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৫শ' টাকা ও পাসপোর্ট নিয়ে যায়। এসময় সোহেল চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০১৬ঘ.