ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় নাশকতার চেষ্টার অভিযোগে বুধবার কক্সবাজারে ১০২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামে ১০০ এবং বান্দরবানে ৪০ বিডিআর সদস্যকে আসামি করে পৃথক মামলা হয়েছে। (আরও তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, বুধবার সকাল ৯টায় কক্সবাজার মডেল থানা পুলিশ শহরতলীর ১৭ রাইফেলস ব্যাটালিয়ান সদর দপ্তর থেকে ১০২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওই বিডিআর সদস্যদের বিরুদ্ধে পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় কক্সবাজারে 'নাশকতার' চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হয়েছে।
কক্সবাজার থানার উপ-পরিদর্শক আহসান উল্লাহ জানান, বুধবার সকালে বিডিআর ক্যাম্প থেকে এদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সুবেদার আশরাফ আলী, সুবেদার মেজর আবু তাহের ও নায়েব সুবেদার নাছির উদ্দিন ছাড়া ৯৯ জন জওয়ান রয়েছে।
উপ-পরিদর্শক আরো জানান, ৬ মে কক্সবাজার মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষে বিডিআর সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন।
মামলার বাদী উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বিডিআর সদস্যদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০, ১২১, ১২১ (ক) ও ১২০ (খ) ধারায় নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
১৭ রাইফেলস ব্যাটালিয়ানের অভিযান কর্মকর্তা মেজর মোহাম্মদ তানিম হোসেন ১০০ বিডিআর সদস্য গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আহসান উল্লাহ জানান, আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম অফিস জানায়, সাতকানিয়ার বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে বিডিআর বিদ্রোহের ঘটনায় ১০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় বিডিআরের সহকারী পরিচালক হারুনর রশীদসহ ১০০ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত থেকে কোনো নির্দেশনা না আসায় তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আদালত কিংবা সরকারের উর্ধতন মহল থেকে আদেশ পেলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
ওই ট্রেনিং সেন্টারে বিডিআরের একটি সূত্র জানায়, অভিযুক্ত বিডিআর সদস্যদের নজরবন্দি করে রাখা হয়েছে। বুধবার রাতের মধ্যে বা বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হতে পারে।
বান্দরবান প্রতিনিধি জানান, পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নের ৪০ বিডিআর সদস্যর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার বান্দরবানের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মোহাম্মদ ফারুকের আদালতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়েদুল হক বাদী হয়ে রাষ্ট্রদ্রোহিতা আইনে এ মামলা করেন।
ওবায়েদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এ মামলা করা হয়েছে।
গত ২৫-২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার সময় নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়নে 'আইন-শৃঙ্খলা পরিপন্থী ও রাষ্ট্রদ্রোহী' আচরণ করার অভিযোগে এ মামলা করা হয়েছে।
আসামিদের মধ্যে একজন সুবেদার মেজর পদবীর এবং বাকিরা জওয়ান।
এর আগে গত ১০ মে বান্দরবানের বলিপাড়া ১০ ব্যাটালিয়নের ১০৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জিএনএ/আরএআর/ডিডি/এসকে/২২১৩ঘ.
bdnews24